পুলিশের ওপর হামলা : ৬ আসামি দুই দিনের রিমান্ডে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ছয়জনের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমর্থকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশের তিনজন এসআই ও একজন কনস্টেবল আহত হন।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের প্রয়োজনে পুলিশ গ্রেপ্তারকৃত ছয় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের নুরুজ্জামান (৩৮), মানিক মিয়া (২৪), সামিউল ইসলাম (২২), হাবিবুর রহমান (৪০), তাজুল ইসলাম (৩৬) ও সুজন হোসেন (৪২)। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আসামিপক্ষের আইনজীবী কে.এম হাসান মাহমুদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা