উইপোকায় খাওয়া দুই লাখ টাকা ‘ফিরে’ পেয়ে খুশি সেই তোফাজ্জল
ভবিষ্যতের জন্য আলমারিতে যত্ন করে রাখা প্রায় দুই লাখ টাকা উইপোকায় নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন দিনমজুর তোফাজ্জল হোসেন। তার অসহায়ত্বের সেই খবর গণমাধ্যমে প্রকাশের পর এবার ঘটেছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
গাইবান্ধার সুন্দরগঞ্জের তোফাজ্জল হোসেনের এই অসহায়ত্বের সংবাদটি দৃষ্টিগোচর হয় সৌদি আরবপ্রবাসী সুমন নামের এক যুবকের। দৃশ্যটি তার হৃদয় ছুঁয়ে গেলে তিনি তৎক্ষণাৎ তোফাজ্জলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দূর প্রবাসে থাকলেও তোফাজ্জলের স্বপ্ন পূরণে পিছু হঠেননি তিনি। গতকাল বুধবার (২৬ আগস্ট) সরজমিনে সুন্দরগঞ্জে এসে অসহায় দিনমজুর তোফাজ্জলের হাতে নিজ উদ্যোগে ২ লাখ টাকা তুলে দেন প্রবাসী সুমন।
উইপোকায় নষ্ট হয়ে যাওয়া টাকার সমপরিমাণ অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তোফাজ্জল। মুহূর্তেই আনন্দ আর আবেগে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখের সামনে যেন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকেই আবার নতুন রূপে ফিরে পেলেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, স্বপ্নেও ভাবি নাই, আমি আমার টাকা আবার পাব। টাকাগুলো নষ্ট হওয়ার পর মনে হয়েছিল, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ভবিষ্যতের জন্য টাকাগুলো জমাইছিলাম।

লিটন প্রামানিক, গাইবান্ধা (সাদুল্লাপুর-সুন্দরগঞ্জ)