রাজবাড়ীতে অস্ত্রসহ দুজন আটক
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন খন্দকার মশিউর আজম চুন্নু ও তার সহযোগী রিদয় শেখ।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার জামিয়া ব্রিকস ইটভাটায় রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া খন্দকার মশিউর আজম চুন্নু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আটক হওয়া অপরজন রিদয় শেখের বাড়ি বালিয়াকান্দির শেখপাড়া।
অভিযানে একটি এয়ার রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকিটকি, চারটি ওয়াকিটকি চার্জার, দুটি দেশীয় চাকু, এক বোতল মদ, তিনটি খালি বোতল, নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদি এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী