ভয়াবহ আগুনে পুড়ল ২ ঝুট গুদাম
গাজীপুরের কোনাবাড়ীতে দুটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দেওলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুনের ভয়াবহতা বেড়ে গিয়ে পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নাসির আহমেদ, গাজীপুর