গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কারখানার শ্রমিকরা। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে যান। এদিকে কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা ঠিক রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

নাসির আহমেদ, গাজীপুর