ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ৩ মোটরসাইকেল পুড়ে ছাই
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটেছে। এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
জানা যায়, রাত ৩টা ৪০ মিনিটে শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)