ধানক্ষেতে রাসেল ভাইপার, কৃষকদের মধ্যে আতঙ্ক
নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় খুব আতঙ্ক নিয়ে মাঠে ধান কাটার কাজ করছে কৃষকরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীরগ্রাম দক্ষিণপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
এর আগেও কয়েকটি সাপের দেখা মিলেছে আশপাশের মাঠগুলোতে। বিষয়টি জানাজানি হলে চরম আতঙ্ক বিরাজ করছেন কৃষকদের মধ্যে।
কৃষক আব্দুল কাদের বলেন, আমি বীরগ্রাম মাঠে প্রায় সাত বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। সকালে প্রায় ১২-১৩ জন শ্রমিক নিয়ে মাঠে ধান কাটতে গেলে আমার একটি জমিতে একটি সাপ দেখা যায়। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা সাপটি মেরে ফেলেন। পরে জানতে পারি এটি রাসেল ভাইপার। এখন শ্রমিকরা চরম আতঙ্কে কাজ করছে মাঠে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, রাসেল ভাইপার সাপগুলো আসলে মানুষকে খুব কম কামড়ায়। তবে সাপগুলো খুবই বিষধর। ফসলের মাঠে সাপ দেখা গেলে অবশ্যই সতর্কতার সহিত শ্রমিকদের কাজ করতে হবে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুদ রয়েছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)