বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
যে চোখ একদিন পৃথিবীর আলো দেখেছে, বয়সের ভার কিংবা ছানির কারণে সেই চোখেই আজ নেমে এসেছে অন্ধকার। অর্থাভাবে যাদের কাছে চোখের চিকিৎসা অনেকটাই স্বপ্ন, তাদের সেই স্বপ্ন পূরণে মানবিকতার হাত বাড়িয়েছে ইফফাত ফাউন্ডেশন ও উত্তরবঙ্গ হাসপাতাল। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের চোখে আলো ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাটে বিনা মূল্যে এই চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।
উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল এবং এনায়েতপুরের ইফফাত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত চোখের রোগীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুলসহ অন্যান্যরা।
ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস সাজু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এবং তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, অসহায় মানুষদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ। কারণ আপনারা জানেন, চোখের চিকিৎসা করা খুবই ব্যয়বহুল। ভবিষ্যতে এই চিকিৎসাসেবা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করছি।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)