মাইক্রোবাসের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আবদুল মান্নান (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আবদুল মান্নান ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে সবজি বিক্রি করতে মানিকগঞ্জ যাওয়ার জন্য জোকা এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন মান্নান। সকাল সাড়ে ছয়টার দিকে একটি মাইক্রোবাস মান্নানকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মান্নান নিহত হন। চালকসহ মাইক্রোবাসের অন্য যাত্রীরা পালিয়ে যান।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. আকরামুজ্জামান জানান, মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মান্নানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল খান জানান, দুপুর সাড়ে তিনটার দিকে নিহত মান্নানকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ