দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রঙ্গলাল রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সারা দিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন ধনেশ্বর রায়। পরে বাড়ির বারান্দায় টিনের চালের পাশে অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)