ব্যাংককের তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৯
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় হাসপাতাল প্রাথমিকভাবে ৪ জনের অবস্থা সংকটাপন্ন বললেও পরে তা সংশোধন করে ৩ জনের কথা জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্যাংককের পূর্বাঞ্চলের ফ্রা খানং এলাকায় অবস্থিত ব্যাংচাক করপোরেশনের তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। খবর বিবিসির।
ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, আগুন লাগার ৩০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নেভানো হয়। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিস্ফোরণের পর ব্যাংককের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তারা আশপাশের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেন। মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানানো হলেও নিরাপত্তার স্বার্থে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে শোধনাগারের ওপর আগুনের শিখা ও ধোঁয়া দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান বলেন, তেল সংরক্ষণের জায়গা থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি ডিস্টিলেশন টাওয়ারে আগুনের সূত্রপাত হওয়ায় বিস্ফোরণের প্রভাব সীমিত ছিল বলে মনে হচ্ছে।
তবে আবাসিক এলাকায় শোধনাগারটির অবস্থান হওয়ায় ঘটনাটি উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। নিরাপদে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব- এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত শোধনাগারটির উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, শোধনাগারের আশপাশে বায়ুর মান পরীক্ষা করে স্বাভাবিক মাত্রায় পাওয়া গেছে। প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
ব্যাংকক থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে চোনবুরি প্রদেশে কোম্পানিটির আরেকটি শোধনাগার রয়েছে। সেটির দৈনিক তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১ লাখ ৮০ হাজার ব্যারেল।
এর আগে ২০১২ সালের জুলাই মাসেও ব্যাংককের এই শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক