Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক
‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’

মিথ্যা গোয়েন্দা তথ্যের পুরোনো ইতিহাস, আবারও একই পথে যুক্তরাষ্ট্র?

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: এআই দিয়ে তৈরি

একসময় ইরাকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলে সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। বলা হয়েছিল, সাদ্দাম হোসেনের হাতে রয়েছে রাসায়নিক ও জীবাণু অস্ত্র, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাও অর্জনের চেষ্টা করছে দেশটি। এসব অস্ত্র বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি-এমন যুক্তিতেই ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।

কিন্তু যুদ্ধের পর ইরাকে সেই বিপুল অস্ত্রভান্ডারের কােনো কিছুরই সন্ধান মেলেনি। যুক্তরাষ্ট্রের নিজস্ব তদন্তেও উঠে আসে, যুদ্ধের আগে ইরাকের অস্ত্র কর্মসূচি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ভুল ছিল। অথচ এরই মধ্যে উৎখাত করা হয়েছে সাদ্দাম হোসেনকে, ধ্বংস হয়েছে ইরাকের রাষ্ট্রীয় কাঠামো, আর দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। ২০০৬ সালে ইরাকের আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয় সাদ্দামের।

দুই দশকের বেশি সময় পর আবারও প্রায় একই ধরনের একটি প্রশ্ন সামনে এসেছে। এবার লক্ষ্য ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরেছে। সেই হুমকি মোকাবিলার কথা বলে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে দুই দেশ।

কিন্তু ইরাকের মতো দ্রুত সামরিক বিজয় বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না ওয়াশিংটন। বরং দীর্ঘ সংঘাত, ইরানের পাল্টা হামলা, হরমুজ প্রণালিকে ঘিরে চাপ, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ঝুঁকি এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা- সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

ইরাক যুদ্ধ: গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ, কিন্তু প্রমাণ কোথায়?

২০০৩ সালের ২০ মার্চ ইরাকে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জোট। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের প্রধান যুক্তিগুলোর একটি ছিল, সাদ্দাম হোসেনের সরকার গণবিধ্বংসী অস্ত্র তৈরি ও মজুত করছে। এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের কথিত অস্ত্র কর্মসূচির পক্ষে গোয়েন্দা তথ্য ও ছবি উপস্থাপন করেন। তার বক্তব্যে ইরাকের রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সক্ষমতা এবং গোপন কর্মসূচির বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু যুদ্ধের পর ইরাকে ব্যাপক অনুসন্ধান চালিয়েও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তদন্ত দল সেই অস্ত্রভান্ডার খুঁজে পায়নি।

২০০৪ সালে প্রকাশিত ইরাক সার্ভে গ্রুপের প্রতিবেদন এবং ২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া গোয়েন্দা মূল্যায়নবিষয়ক কমিশনের প্রতিবেদনে যুদ্ধের আগের গোয়েন্দা মূল্যায়নের বড় ধরনের ভুলের কথা উঠে আসে।

মার্কিন কমিশনের প্রতিবেদনে বলা হয়, ইরাকের পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ মূল্যায়ন ভুল ছিল। ইরাক ১৯৯১ সালের পর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করেছে- এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে জীবাণু অস্ত্রের মজুত কিংবা রাসায়নিক অস্ত্রের বড় কোনো মজুতেরও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

২০০৮ সালে মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রকাশিত প্রতিবেদনে আরও গুরুতর বিষয় উঠে আসে। কমিটি জানায়, বুশ প্রশাসনের কর্মকর্তারা ইরাকের হুমকি সম্পর্কে এমন কিছু বক্তব্য দিয়েছিলেন, যেগুলো গোয়েন্দা তথ্য দ্বারা সমর্থিত ছিল না। কিছু ক্ষেত্রে অনিশ্চিত, অসমর্থিত কিংবা অস্তিত্বহীন তথ্যকে নিশ্চিত সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

সাদ্দাম হোসেনের পতন, ইরাকে কি শান্তি এসেছিল?

ইরাকে মার্কিন সামরিক অভিযানের প্রথম পর্যায়ে দ্রুত সাফল্য আসে। ২০০৩ সালের এপ্রিলে বাগদাদের পতন ঘটে। ক্ষমতা হারান সাদ্দাম হোসেন। পরে তাকে আটক করা হয় এবং ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে বিচার শেষে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু সাদ্দামের পতনের মধ্য দিয়ে ইরাকের সংকট শেষ হয়নি। বরং শুরু হয় নতুন এক অস্থির অধ্যায়।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে, সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে আল-কায়েদা ইন ইরাক এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গিগোষ্ঠীর উত্থান দেশটিকে আরও বিপর্যস্ত করে।

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরাকের প্রচলিত সেনাবাহিনীকে পরাজিত করতে পেরেছিল, কিন্তু একটি স্থিতিশীল ও কার্যকর রাষ্ট্র গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ থেকে যায়।

এবার লক্ষ্য ইরান : পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগের কেন্দ্রে রয়েছে দেশটির পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগোচ্ছে। পাশাপাশি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনকেও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তারা।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রশাসন জানায়, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং দেশটির সামরিক হুমকি কমিয়ে আনা। কিন্তু যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কী ধরনের প্রমাণ ছিল, সেটিও গুরুত্বপূর্ণ।

আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের চলতি মাসের ৩ মার্চের বিশ্লেষণে বলা হয়, যুদ্ধ শুরুর সময় ইরান তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানোর পর্যায়ে ছিল- এমন প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি তখন বলেছিলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত কর্মসূচি দেখতে পাচ্ছে না সংস্থাটি। একই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইরান কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারত কি না। তার উত্তর ছিল, না।

ইরাকের পুনরাবৃত্তি, নাকি ভিন্ন বাস্তবতা?

ইরাক ও ইরানের ঘটনাপ্রবাহে কিছু মিল থাকলেও পার্থক্যও রয়েছে। ইরাকের বিরুদ্ধে ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের মজুতের অভিযোগকে যুদ্ধের অন্যতম প্রধান যুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু যুদ্ধের পর সেই অস্ত্রভান্ডারের প্রমাণ মেলেনি। ইরানের ক্ষেত্রে পারমাণবিক কর্মসূচি বাস্তব এবং আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত একটি বিষয়। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় যে তাৎক্ষণিক হুমকির কথা বলা হয়েছে, তার পক্ষে কী ধরনের নির্ভরযোগ্য প্রমাণ ছিল-তা নিয়েও বিতর্ক রয়েছে।

মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের চলতি বছরের ২০ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অভিযান শুরু করে। যুদ্ধের লক্ষ্য হিসেবে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের কথা বলা হয়েছিল। কিন্তু সংঘাতের পরও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি। 

ইরানকে কেন পরাজিত করা কঠিন?

ইরাক ও ইরানের সামরিক, ভৌগোলিক এবং রাজনৈতিক বাস্তবতা এক নয়। ইরাকের তুলনায় ইরান অনেক বড় ভূখণ্ড, বেশি জনসংখ্যা এবং বিস্তৃত সামরিক সক্ষমতার অধিকারী।

ইরানের ভৌগোলিক অবস্থানও দেশটির প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেশটির বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, দুর্গম ভূখণ্ড এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনা রয়েছে। ফলে শুধু আকাশপথে বোমাবর্ষণ করে দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন।

আরও কয়েকটি বিষয় ইরানকে আলাদা করেছে

১. ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা

ইরান দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন তৈরি করেছে। এসব অস্ত্রের সাহায্যে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানলেও দেশটির পাল্টা আক্রমণের সক্ষমতা পুরোপুরি শেষ করতে পারেনি। ফলে যুদ্ধটি একতরফা সামরিক অভিযানে সীমাবদ্ধ থাকেনি।

২. হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে যায়। ইরানের অবস্থান এই প্রণালিকে ঘিরে দেশটিকে বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে। সংঘাত বাড়লে জাহাজ চলাচল ব্যাহত হওয়া, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে ইরানের সঙ্গে যুদ্ধ শুধু দুই দেশের সামরিক সংঘাত নয়; এর প্রভাব ছড়িয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতিতেও।

৩. আঞ্চলিক মিত্র ও প্রভাব

ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তার হিসাবকে জটিল করেছে। যদিও এসব গোষ্ঠীর সক্ষমতা ও ইরানের ওপর তাদের নির্ভরতার মাত্রা এক নয়, তবু সংঘাতের বিস্তার ঘটানোর ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে।

৪. শাসনব্যবস্থার টিকে থাকার সক্ষমতা

ইরাকের সাদ্দাম সরকারের পতনের পর দেশটির রাষ্ট্রীয় কাঠামো ব্যাপকভাবে ভেঙে পড়ে। কিন্তু ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো অনেক বেশি বিস্তৃত। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বিমান হামলা চালিয়ে এমন একটি ব্যবস্থাকে ভেঙে ফেলা সহজ নয়। বরং সামরিক চাপ বাড়লে শাসকগোষ্ঠী আরও কঠোর অবস্থান নিতে পারে।

যুদ্ধের আট-নয় মাস পরও কেন সমাধান নেই?

চলতি বছরের নভেম্বরের পরিস্থিতি বলছে, সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র এখনও ইরানকে তার সব শর্ত মেনে নিতে বাধ্য করতে পারেনি। ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনাসংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালায়। মার্কিন কর্মকর্তারা একে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। এর আগে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ইরানের হামলার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইরানও জানিয়েছে, নতুন করে হামলা হলে তারা আরও বিস্তৃত পরিসরে পাল্টা জবাব দিতে প্রস্তুত।

এদিকে যুদ্ধের সমাধান নিয়ে ওয়াশিংটনের অবস্থানেও এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে। ২৩ নভেম্বর সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি চান। তবে তিনি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্তও পিছিয়ে যেতে পারে।

পারমাণবিক প্রশ্নে নতুন উদ্বেগ : আন্তর্জাতিক পরিদর্শকরা কোথায়?

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার।

রয়টার্সের ১৩ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের ইসফাহান অঞ্চলে ঘোষিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করতে পারেনি। সংস্থাটি জানিয়েছে, স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও পরিদর্শকরা প্রবেশ করতে পারেননি। ফলে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

১৯ নভেম্বর রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের পাল্টা বক্তব্য, যুদ্ধের মধ্যে এসব স্থাপনায় পরিদর্শকদের প্রবেশ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধটি কেন রাজনৈতিক ও কৌশলগত চাপ?

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। বিমানবাহী রণতরি, উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতার দিক থেকে ইরানের সঙ্গে দেশটির তুলনা চলে না। কিন্তু সামরিক শ্রেষ্ঠত্ব মানেই সব যুদ্ধে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব- এমনটি নয়।

ইরাকে যুক্তরাষ্ট্র দ্রুত সরকার উৎখাত করতে পেরেছিল, কিন্তু দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি। আফগানিস্তানেও দুই দশকের সামরিক উপস্থিতির পর ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হয়েছে। এই অভিজ্ঞতাগুলো দেখিয়েছে, সামরিক বিজয় আর কৌশলগত সাফল্য এক জিনিস নয়।

ইরানের ক্ষেত্রেও একই ঝুঁকি তৈরি হয়েছে। দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো সম্ভব, ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র ধ্বংস করা সম্ভব, কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে নিয়ন্ত্রণে আনা কিংবা দেশটির প্রতিরোধের সক্ষমতা পুরোপুরি শেষ করা অনেক কঠিন।

এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘ যুদ্ধের ব্যয়, সেনাদের নিরাপত্তা, জ্বালানি বাজারের অস্থিরতা এবং জনগণের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়গুলোও ট্রাম্প প্রশাসনের জন্য চাপ তৈরি করছে।

ইরাকের ভুল থেকে কি শিক্ষা নিয়েছে ওয়াশিংটন?

ইরাক যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ছিল- গোয়েন্দা তথ্যকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। কোনো দেশের সম্ভাব্য হুমকিকে অতিরঞ্জিত করে যুদ্ধের যুক্তি তৈরি করা সহজ, কিন্তু সেই যুদ্ধের দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ন্ত্রণ করা কঠিন।

ইরাকের ক্ষেত্রে গণবিধ্বংসী অস্ত্রের মজুতের দাবি যুদ্ধের পর টেকেনি। ইরানের ক্ষেত্রে পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব উদ্বেগ থাকলেও তাৎক্ষণিক সামরিক হুমকির দাবির পক্ষে কী প্রমাণ রয়েছে, সেটি স্বচ্ছভাবে তুলে ধরা জরুরি।

ডিফেন্স প্রায়োরিটিজের চলতি বছরের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা-সংকট এবং একে অন্যের সামরিক পদক্ষেপকে হুমকি হিসেবে দেখার প্রবণতা সংঘাতকে আরও বাড়িয়েছে।

সামরিক শক্তি দিয়ে হামলা করা গেলেও সব লক্ষ্য অর্জন করা যায় না

ইরাক ও ইরানের ঘটনাপ্রবাহের মধ্যে সবচেয়ে বড় মিল হলো- দুই ক্ষেত্রেই নিরাপত্তা ও অস্ত্র কর্মসূচির প্রশ্নকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো, ইরান ইরাক নয়।

ইরাকের মতো ইরানকে দ্রুত সামরিকভাবে পরাজিত করা কিংবা দেশটির রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না। দেশটির ভৌগোলিক অবস্থান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং হরমুজ প্রণালিকে ঘিরে কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র ইরাক ইরান ইতিহাস

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫ ঘন্টা আগে
বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  2. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক
  3. ‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
  4. বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
  5. ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক
  6. যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x