শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সামনে এই ঘটনা ঘটে।
হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে এ হামলা চালায় বলে জানা গেছে। তবে ঘটনার পর হাসিব দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক রাজ মোস্তাকিম বলেন, হাসিব পরিবারের সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। হামলার খবর পেয়ে জেলা ছাত্রশক্তির নেতারা শ্রীমঙ্গল থানায় যান এবং আইনি সহায়তার জন্য পুলিশের সাথে কথা বলেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরের দিকে বালিশিলা রিসোর্টের সামনে ঘটনাটি ঘটার পর পুলিশ হাসিব আল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ জানতে পারে যে তিনি ঢাকায় চলে গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার