যেকোনো হুমকি মোকাবিলায় ‘তাৎক্ষণিক জবাব’ দেওয়ার নির্দেশ খামেনির
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে কোনো প্রকার ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আইআরএনএ নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের সঙ্গে শক্তিশালী মোকাবিলার লক্ষ্যে ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক সামরিক প্রস্তুতি অপরিহার্য।
খামেনি বলেন, শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই যুদ্ধের সমাপ্তি কখন ও কী শর্তে হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও ইরানের জনগণ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যে দেশের ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশ জারি করেন খামেনি।
ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও ডকট্রিন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। একই সঙ্গে নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিরও নির্দেশনা দেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক