ফের বাড়ল জ্বালানি তেলের দাম
আঞ্চলিক মধ্যস্থতার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে কমলেও, সৌদি আরবে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের নতুন করে হামলা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ শঙ্কার কারণে সূচক ফের ঊর্ধ্বমুখী হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দিনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমলেও বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ বাজার ঘুরে দাঁড়ায়।
বাজারের হালনাগাদ তথ্যে দেখা যায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্র্যান্ড ক্রুডের’ প্রতি ব্যারেলে দাম ৪০ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬.২৪ ডলারে। এর আগে গত সপ্তাহে এবং সোমবার তা সর্বোচ্চ ১১৭ ডলারে পৌঁছেছিল, যা চলতি বছরের এপ্রিলের পর সর্বোচ্চ।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের’ দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০২.০৭ ডলারে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, সোমবার তেহরানে অনুষ্ঠিত সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরানের মধ্যকার চারপক্ষীয় বৈঠক বিশ্ববাজারে কিছুটা আশার আলো ছড়িয়েছিল। তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আভাসে সকালে বিশ্ববাজারে দরপতন ঘটলেও ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের ওপর নতুন করে রকেট ও ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর থেকে বাণিজ্যিক জাহাজে আক্রমণের হিসেবে চলতি ২০২৬ সালের অক্টোবর মাসটি হরমুজ প্রণালিতে সবচেয়ে বিপজ্জনক সময় হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে বিশ্ববাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে তেলের স্বাভাবিক প্রবাহ কমে ৬০ শতাংশে নেমে এসেছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর চরম মানসিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এনটিভি অনলাইন ডেস্ক