অস্ট্রেলিয়ায় কৃষি-কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসার সুযোগ
অস্থায়ী অভিবাসী কৃষি কর্মীদের একটি অংশের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণের ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া সরকার৷ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে গ্রেইন প্রডিউসার্স অস্ট্রেলিয়া৷
অভিবাসন নীতি কঠোর করার কারণে অস্ট্রেলিয়ায় শ্রমিক-সংকট দেখা দিয়েছে৷ এর ফলে ফসল তোলার কাজেও ব্যাঘাতের আশঙ্কা দেখা দেয়৷ সরকারের এ সিদ্ধান্ত সংকট কিছুটা কমাবে বলে ধারণা করা হচ্ছে৷
গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ অস্ট্রেলিয়া। এ মৌসুমে ফসল তিনটি সংগ্রহের কাজ শুরু হবে কয়েক সপ্তাহের মধ্যে৷ এসব ফসল কাটা এবং ঘরে তোলার কাজ অস্থায়ী অভিবাসী শ্রমিকদের দিয়েই করায় অস্ট্রেলিয়ার অনেক খামার৷
আজ গ্রেইন প্রডিউসার্স অস্ট্রেলিয়া (জিপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, কৃষি খাতের সংগঠনগুলোর জরুরি কৃষি কর্মীদের বিষয়ে যে আবেদন করেছিল তা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের শ্রমিকদের ভিসা প্রক্রিয়াকরণে সম্মত হয়েছে সরকার। উল্লেখ্য, সম্প্রতি বার্ষিক অভিবাসনের সংখ্যা কয়েক হাজার কমানোর নীতি ঘোষণা করেছে সরকার৷ এ কারণে কিছু খাতে শ্রমিক-সংকট দেখা দিয়েছে৷
এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে জিপিএ-র চেয়ারম্যান ম্যাথু ম্যাডেন বলেন, ‘‘এই ব্যবস্থাটি কতটা কার্যকর হবে, কতগুলো ভিসার আবেদন প্রক্রিয়াজাত করা যাবে বা দ্রুত অনুমোদনের নিশ্চয়তা পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রক্রিয়াটি বাস্তবে কীভাবে কাজ করে তা আমরা দেখবো৷ আশা করা যায়, এখন ফসল তোলার জন্য প্রয়োজনীয় কর্মীদের এখানে নিয়ে আসার একটা উপায় হবে।”

ডয়চে ভেলে