বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কোম্পানি বোয়িং থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একটি পোস্ট করেছেন। এতে তিনি জানান, মার্কিন রপ্তানি ও উৎপাদন খাতে কর্মসংস্থান বৃদ্ধিতে এক বড় পদক্ষেপ হিসেবে তুরস্ক ও বাংলাদেশ ১১১ বোয়িং উড়োজাহাজ ক্রয়ের ঘোষণা দিয়েছে এবং আরও ৫০ উড়োজাহাজ কেনারও সুযোগ রয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বোয়িং ও আমেরিকান উৎপাদন শিল্পের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন! হাওয়ার্ড লুটনিক ও বাণিজ্য বিভাগের সহায়তায় তুরস্ক ও বাংলাদেশ আজ মোট ১১১ বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে, যার সঙ্গে আরও ৫০ উড়োজাহাজ কেনার সুযোগও (অপশন) রাখা হয়েছে। এতে কয়েক হাজার কোটি ডলারের বিক্রয় ও বিপুল মার্কিন রপ্তানি নিশ্চিত হবে, যা সারা দেশে হাজার হাজার আমেরিকানের কর্মসংস্থানকে সহায়তা করবে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, বাজার এখন সেই বিষয়টিই স্বীকার করছে, যা বোয়িং ও আমি শুরু থেকেই জানতাম—যখন আপনি আমেরিকায় পণ্য তৈরি করেন, আমেরিকা থেকে তা রপ্তানি করেন এবং আমেরিকান কর্মীদের সহায়তা করেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে ওঠে। বোয়িং এবং এর অসাধারণ কর্মীদের জানাই অভিনন্দন!

এনটিভি অনলাইন ডেস্ক