হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার ঘোষণা ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আর কখনোই তার আগের অবস্থায় ফিরে যাবে না এবং ইরান এই প্রণালির ‘পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ’ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফভি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সিতে প্রচারিত এক ভিডিও বার্তায় মেজর জেনারেল ইয়াহিয়া এই বার্তা প্রদান করেন।
মেজর জেনারেল সাফভি জানান, হরমুজ প্রণালি ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট কৌশল বা পদ্ধতি নিয়ে ইরান ও ওমানের মধ্যে যৌথ ‘সমঝোতা হয়েছিল’, তবে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপর মাধ্যমে সেই প্রক্রিয়ায় কৃত্রিম বাধা সৃষ্টি করে।
সামরিক এই শীর্ষ উপদেষ্টা সতর্ক করে আরও বলেন, পারস্য উপসাগরের সঙ্গে লোহিত সাগরের ও হরমুজ প্রণালির সঙ্গে বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত ও সামরিক সংযোগ ঘটানো গেলে তা পুরো অঞ্চলের ‘যুদ্ধের প্রেক্ষাপটই বদলে দেবে’।
একই সঙ্গে মেজর জেনারেল সাফভি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করে জানান, তাদের নিজস্ব স্বতন্ত্র লক্ষ্য ও রণকৌশল রয়েছে এবং তারা সামরিক দিক থেকে স্বাবলম্বী হয়ে অস্ত্র উৎপাদনেও অভূতপূর্ব ও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।
ভিডিও বার্তায় সাফভি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আবারও ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে চলমান এই যুদ্ধের দাবানল পারস্য উপসাগর ও লোহিত সাগর ছাড়িয়ে ভারত মহাসাগর ও এর সুদূর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়বে।

এনটিভি অনলাইন ডেস্ক