মানবাধিকার ছাড়া শান্তি ও উন্নয়ন অসম্ভব : গুতেরেস
শান্তি, উন্নয়ন ও মানবাধিকার- এই তিন বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, উন্নয়ন ছাড়া শান্তি হয় না, শান্তি ছাড়া উন্নয়ন অসম্ভব; আর মানবাধিকার রক্ষা করা না গেলে শান্তি ও উন্নয়ন কোনোটাই অর্জন করা সম্ভব নয়। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।
জলবায়ু সংকটকে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে চরম বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছেন গুতেরেস। তিনি বৈশ্বিক বড় তেলের কোম্পানিগুলোর কঠোর সমালোচনা করে বলেন, তারা বায়ুমণ্ডলকে খোলা নর্দমার মতো ব্যবহার করে অঢেল মুনাফা লুটছে। ইউক্রেন যুদ্ধের পর পাঁচটি বড় পশ্চিমা তেল কোম্পানি প্রায় আধা ট্রিলিয়ন (৫০০ বিলিয়ন) ডলার মুনাফা করলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক পরিবেশ তহবিল এসেছে মাত্র ৩৪ বিলিয়ন ডলার।
গুতেরেস বলেন, দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা, উচ্ছেদ ও বসতি সম্প্রসারণ দ্বিপাক্ষিক সমাধানকে ধ্বংস করছে এবং সেখানে জাতিগত নিধনের ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা তাঁর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে দেখা যেকোনো ঘটনার চেয়ে ভয়াবহ ও নজিরবিহীন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, সীমান্ত এলাকা ছাড়িয়ে দূরবর্তী অঞ্চলেও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন- যাদের অধিকাংশ ইউক্রেনের নাগরিক, পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাশিয়ার কিছু অংশও এর শিকার হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক