যুদ্ধে পরাজয় স্বীকার করার সাহস যুক্তরাষ্ট্রের নেই : আইআরজিসি
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে ও তা মেনে নেওয়ার মতো সাহস ওয়াশিংটনের নেই বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক ও অপমানজনক পরাজয়। খবর আল জাজিরার।
আইআরজিসি মুখপাত্র জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের জবাবে বন্ধ করে দেওয়া ‘হরমুজ প্রণালি’ যুক্তরাষ্ট্র নিজেদের সমস্ত শক্তি দিয়েও আবার চালু করতে পারেনি। এটিই প্রমাণ করে যে তারা হেরে গেছে।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি আরও বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই বড় বোঝা ও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চল ও উত্তর ইরাকে থাকা মার্কিন গোয়েন্দা কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হেনেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ওইসব কেন্দ্র ইরানের নাগালের বাইরে নয় ও এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা।
এদিকে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে নতুন ও চমকপ্রদ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বকে ‘বিস্মিত’ করার হুমকি দিয়েছে ইরান। একই সময়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি খসড়া বিল জমা দিয়েছেন ইরানি আইনপ্রণেতারা।

এনটিভি অনলাইন ডেস্ক