বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ইউএস ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল অবস্থায় রয়েছে স্বর্ণের দাম। আগের কার্যদিবসে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নামার পর দাম অপরিবর্তিত রয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩০২.১৩ মার্কিন ডলারে বেচাকেনা হয়। এর আগে গত সোমবার ৭ আগস্টের পর থেকে নিজেদের সর্বনিম্ন সূচকে নেমেছিল ধাতুটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১.৭০ ডলারে লেনদেন হয়।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদিনের বৈঠক শেষে সুদের হার সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণা করবে ইউএস ফেডারেল রিজার্ভ। বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভ তাদের নীতি নির্ধারণী সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪.০০ শতাংশের মধ্যে নির্ধারণ করতে পারে।
আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সায়কামোর জানান, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশ সুদের হার বৃদ্ধির বিষয়ের বক্তব্য কীভাবে উপস্থাপন করেন, স্বর্ণের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তিনি জানান যে এই হার বৃদ্ধির প্রক্রিয়া ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, তবে তা স্বর্ণ ও পুঁজিবাজারের জন্য বড় উদ্বেগের কারণ হবে। তবে সুদের হার বৃদ্ধির গতি ধীর করার ইঙ্গিত দেওয়া হলে তা স্বর্ণ ও অন্যান্য ঝুঁকিযুক্ত বিনিয়োগের পক্ষে যাবে।
উল্লেখ্য, সাধারণত মূল্যস্ফীতি ও ভূ-রাজনৈতিক ঝুঁকির সময় সোনাকে নিরাপদ বিনিয়োগ ধরা হলেও সুদের হার বাড়লে সুদহীন এই ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
অর্থনৈতিক এই ওঠানামার বাইরে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম আউন্স প্রতি ৬৩.২৫ ডলারে অপরিবর্তিত রয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৭৭০.৮১ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮.২৫ ডলারে।

এনটিভি অনলাইন ডেস্ক