ইরানের ওপর চাপ জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের ওপর সৃষ্ট চাপ এক জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, বর্তমান বিশ্ব নজিরবিহীন জটিলতার এক সময় পার করছে এবং অর্থনৈতিক চাপের হাতিয়ার ব্যবহার পরিস্থিতিকে আরও অবমূল্যায়িত ও সংকটময় করে তুলছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইরান বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে; যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর সাম্প্রতিক মাসগুলোতে এই চাপ এক জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।’
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্য যুদ্ধের সূত্রপাত ঘটায়। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য হু-হু করে বৃদ্ধি পায়।
পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, যখন কোনো দেশের বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং আর্থিক ব্যবস্থার ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করা হয়, তখন তার প্রতিক্রিয়া কেবল তার নিজস্ব সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
ভারতে প্রথম সরকারি সফরে আসা ইরানি প্রেসিডেন্ট শুক্রবার শেষভাগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে ভারতীয় কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক