ইরানের ২৭ বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
ইরানের বিমান চলাচল খাতকে সহায়তা প্রদান এবং মধ্যপ্রাচ্যজুড়ে অস্ত্র ও অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইন্সসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ইরান সরকার অস্ত্র, সামরিক কর্মী ও অবৈধ মালামাল স্থানান্তরে দেশের বিমান খাতের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ফলে দেশটির সরকারকে আর্থিক বা লজিস্টিক সহায়তা দেওয়া সংস্থাগুলোর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক সতর্কবার্তায় জানান, আজ আমরা ইরানের অবশিষ্ট প্রধান প্রধান বিমান সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখবে, তারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
একই দিনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালির প্রবেশদ্বারে টহল দেওয়ার সময় একটি মার্কিন চালকবিহীন ডুবোযান আটক করা হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, আটককৃত ডুবোযানটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং দ্রুতই এর ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।
তবে চালকবিহীন ড্রোন সাবমেরিন আটকের এই দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক