ইসরায়েলে ভোট গণনা শেষ : আরব দলগুলোর চমকপ্রদ উত্থান
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হলেও কোনো দল বা জোটই সরকার গঠনের প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী জোটের তুমুল লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইসরায়েলের আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের চূড়ান্ত প্রতিবেদন থেকে ভোট গণনার শেষ পর্বের এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১২০ আসনবিশিষ্ট নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে সামরিক বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ঝুলিতে পুরেছে ৪৮টি আসন। তবে সবাইকে তাক লাগিয়ে যৌথ তালিকায় থাকা আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
ইসরায়েলে সরকার গঠনের জন্য ১২০ আসনের মধ্যে অন্তত ৬১টি আসনের সমর্থনের প্রয়োজন হয়। কিন্তু নেতানিয়াহু কিংবা আইজেনকোট— কারো জোটই সেই ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি। ফলে দেখা দিয়েছে ঘোর রাজনৈতিক অচলাবস্থা।
বিশ্লেষকদের মতে, মোট ১৯টি আসন পাওয়া আরব দলগুলো এবার ইসরায়েলের সরকার গঠনের সমীকরণে মূল বা ‘কিংমেকার’ চালিকাশক্তি হয়ে উঠেছে। বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোট যদি আরব দলগুলোর সমর্থন লাভ করতে পারেন, তবে তার পক্ষে নতুন সরকার গঠন করা সম্ভব হতে পারে। তবে ডানপন্থি ইসরায়েলি রাজনীতিতে আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন করা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ও জটিল এক চ্যালেঞ্জ।
এদিকে নেতানিয়াহু জোট সরকার গঠনে অন্য দলগুলোকে ভেড়ানোর চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো পক্ষ তার পাশে দাঁড়ানোর বার্তা দেয়নি। ফলে নির্বাচন শেষ হলেও নতুন সরকার গঠন নাকি ফের অচলাবস্থার দিকে এগোচ্ছে ইসরায়েল, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক