ডেমোক্র্যাটদের খোঁচা দিতে গিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ময়দান এখন বেশ উত্তপ্ত। এই উত্তাপের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত এক মন্তব্য করে বসেছেন। বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে তিনি এখন নিজেই হাসির পাত্র। নিজের উদ্ভাবিত একটি গালি বা উপনামকে সঠিক প্রমাণ করতে গিয়ে এক আজব দাবি তুলেছেন তিনি। সিএনএনের বিশ্লেষণ।
কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট পার্টিকে খোঁচা দিয়ে ‘ডুমোক্র্যাট’ (Dumocrat) নামে ডাকছেন। নিজের এই উদ্ভাবিত এই নামটির পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প একের পর এক সাক্ষাৎকারে ও সভায় দাবি করে আসছেন, সাধারণ আমেরিকানরা নাকি 'Dumb' (বোকা) বানানে শেষের ‘B’ অক্ষরটির উপস্থিতি সম্পর্কেই জানে না!
গত বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সামনে ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষই জানে না যে ‘Dumb’ শব্দটির শেষে একটি ‘B’ আছে। আপনারা জানেন, তারা মনে করে বানানটি D-U-M, এবং এটিও ঠিক আছে।
এর আগে গত জুলাই মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও ট্রাম্প একই কথা বলেন, কেউই জানে না যে Dumb-এর মধ্যে একটি ‘B’ রয়েছে। জুন মাসে নিউইয়র্ক পোস্টের সাক্ষাৎকারে এবং মে মাসে ফক্স নিউজের একটি অনুষ্ঠানেও তিনি হুবহু একই দাবি পুনরাবৃত্তি করেন।
ট্রাম্প তার ‘ডুমোক্র্যাট’ নামে ডাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, আপনারা যদি Democrat বানানের ‘E’ কেটে ‘U’ বসিয়ে দেন, তবে তা হয়ে যায় Dumocrat। এর জন্য মাত্র একটি বর্ণের পরিবর্তন দরকার। কিন্তু বেশিরভাগ মানুষ তো জানেই না যে ‘Dumb’ শব্দের শেষে ‘B’ আছে, তারা মনে করে এটা D-U-M। তাই ‘E’ সরিয়ে কেবল একটি ‘U’ দিয়ে দিলেই হয়ে গেল ‘ডুমোক্র্যাট’।
মার্কিন বিশ্লেষক ও ভাষ্যকারেরা ট্রাম্পের এই অদ্ভুত দাবির তীব্র সমালোচনা করছেন। একই সঙ্গে এটি নিয়ে রসিকতা করছেন। তাদের মতে, ‘Dumb’ প্রাথমিক স্কুলেই শেখানো চার অক্ষরের অত্যন্ত সহজ ও সাধারণ একটি শব্দ। আমেরিকার প্রায় সব মানুষই এই শব্দের সঠিক বানান জানে। সাধারণ আমেরিকানদের নিরক্ষর বা অজ্ঞ প্রমাণ করার এই চেষ্টা দেখে বিশ্লেষকেরা ট্রাম্পের এই যুক্তিকে ‘হাস্যকর ও অপ্রয়োজনীয়’ হিসেবে তুলে ধরছেন।
কেন দেশের প্রেসিডেন্ট এমন একটি কাল্পনিক দাবি করছেন- তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সমালোচকেরা ঠাট্টা করে বলছেন, ট্রাম্প হয়তো নিজে সম্প্রতি জেনেছেন যে ‘Dumb’ বানানে একটি ‘B’ রয়েছে, তাই তিনি ভাবছেন দেশের বাকি সবাইও তা জানে না!
প্রতিবেদনে বলা হয়, আমরা এটা বিশ্বাস করতে চাই না যে ট্রাম্প নিজেই ‘Dumb’ বানান জানতেন না। হয়তো ডেমোক্র্যাটদের দেওয়া এই শিশুতোষ বা দুর্বল উপনামটি (Dumocrat) নিয়ে দলের ভেতর বা বাইরে কেউ প্রশ্ন তুলেছিল। আর নিজেকে সবসময় সর্বজ্ঞানী প্রমাণের তাগিদে ট্রাম্প নিজের ভুল মেনে না নিয়ে উল্টো পুরো দেশের মানুষকে অজ্ঞ বানিয়ে দেওয়ার এই কৌশল বেছে নিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক