যুদ্ধবিরতির আভাসে স্বর্ণের দামে বড় লাফ
মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টা ও সম্ভাব্য যুদ্ধবিরতির খবরের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। এই কূটনৈতিক তৎপরতা জ্বালানি তেলের দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখার বৈশ্বিক উদ্বেগ কিছুটা প্রশমিত করতে পারে—বিনিয়োগকারীদের এমন ধারণার ফলেই মূল্যবান এই ধাতুর বাজারে বড় উত্থান দেখা গেছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৬৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ বেড়ে চার হাজার ৬৯ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
সোমবার (২০ জুলাই) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, অন্তর্বর্তীকালীন চুক্তিটি বাঁচানোর প্রচেষ্টায় তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে।
এদিকে সোমবার সৌদি আরবের ওপর হুথিদের নৌ অবরোধের হুমকি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে। সাধারণত তেলের দাম কমলে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি কমে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়িয়ে রাখার প্রবণতাও কমে আসে। স্বর্ণকে মুদ্রাস্ফীতি মোকাবিলার দীর্ঘমেয়াদি হাতিয়ার মনে করা হলেও, সুদের হার বেশি থাকলে এই অনুৎপাদনশীল ধাতুতে বিনিয়োগের আগ্রহ কমে যায়।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীরা এখন আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির প্রায় ৬৩ শতাংশ সম্ভাবনা বিবেচনা করছেন।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আজ অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেশ চাঙ্গা রয়েছে। স্পট রুপার দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে এক হাজার ৬২৪ দশমিক ৮৮ ডলারে উঠেছে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে এক হাজার ২৮১ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক