টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা
ইরানে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সেন্টকম এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় যেকোনো সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
ইরানের পক্ষ থেকে সর্বশেষ এই মার্কিন হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এনটিভি অনলাইন ডেস্ক