পালিয়ে বিয়ে করায় তরুণীকে হত্যার পর মরদেহ পোড়ালেন মা-ভাই
ভালোবেসে বিয়ে করে পালিয়ে যাওয়ার অপরাধে এক তরুণীকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে তারই মা ও ভাই। ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে। নিহত তরুণীর নাম সুজাতা কুমারী (১৯)।
ঘটনার শুরু ২০২০ সালে। মুজাফফরপুরের ঘনসাউত গ্রামের গৌরী শঙ্কর কুমার (২২) নামের এক যুবকের সঙ্গে সুজাতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৬ বছরের প্রেম শেষে গত ১৮ জানুয়ারি তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। এরপর হরিয়ানায় গিয়ে নতুন জীবন শুরু করেন। তবে সুজাতার পরিবার থানায় অপহরণের মামলা দায়ের করলে গত ১১ ফেব্রুয়ারি পুলিশ তাদের আটক করে মুজাফফরপুরে ফিরিয়ে আনে। আদালতে সুজাতা নিজের ইচ্ছায় বিয়ে করার জবানবন্দি দিলেও পুলিশ গৌরী শঙ্করকে জেলে পাঠিয়ে দেয়। সুজাতাকে তার এক খালার জিম্মায় রাখে।
এরপরই শুরু হয় পরিবারের খুনের পরিকল্পনা। গত মার্চ মাসে হোলির (দোল পূর্ণিমা) উৎসবের দিন সুজাতার মা কৌশলে খালাবাড়ি থেকে সুজাতাকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। কিছুদিন পর ৩১ মার্চ জেল থেকে মুক্তি পান গৌরী শঙ্কর। সেদিনই সুজাতার সঙ্গে তার শেষবারের মতো ফোনে কথা হয়। এরপর থেকেই সুজাতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান।
স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে এবং পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে অবশেষে গৌরী শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, সুজাতার পরিবার তাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। পুলিশ ব্যবস্থা না নিলে তিনি আত্মহত্যা করবেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।
গণমাধ্যমে খবর আসার পর নড়েচড়ে বসে মুজাফফরপুর জেলা পুলিশ। ডিএসপির নির্দেশে পুলিশ দ্রুত সুজাতার ভাই অভিষেক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে নিজের বোনকে হত্যার কথা স্বীকার করেন অভিষেক।
অভিষেক কুমার জানান, অন্য জাতির ছেলের সঙ্গে বোনের পালিয়ে বিয়ে করাটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই মা সুজাতাকে বাড়িতে ফিরিয়ে আনার পর, অভিষেক ও তার কয়েকজন আত্মীয় মিলে সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ও সমস্ত প্রমাণ মুছে ফেলতে রাতেই তড়িঘড়ি করে সুজাতার মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত মা ও ভাইসহ বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক