বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির আশা ম্লান হয়ে গেছে। এর জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে। বুধবার (১০ জুন) ধাতুটির দাম কমে গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কাই স্বর্ণের বাজারকে নিম্নমুখী করেছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহকৃত স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ১৪৮ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারের দামও ২ দশমিক ৭ শতাংশ কমে চার হাজার ১৬৯ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।
হরমুজ প্রণালির আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ। এই সংঘাতের কারণে তেলের দাম আবারও বাড়ছে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হারের আশঙ্কাকে উসকে দিচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে মার্কিন-সমর্থিত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতোমধ্যে ২০ শতাংশের বেশি কমে গেছে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখা হলেও, উচ্চ সুদের হারের পরিবেশে অ-ফলনশীল এই ধাতুটির আকর্ষণ কমে যায়। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী ডিসেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির ৭০ শতাংশ সম্ভাবনা দেখছেন।
গত সপ্তাহের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর বিনিয়োগকারীরা এখন মে মাসের মার্কিন ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং বৃহস্পতিবারের উৎপাদক মূল্য সূচক (পিপিআই) রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এফএক্সটিএম-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা বলেন, আসন্ন সিপিআই প্রতিবেদনটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) কী পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রূপা ও প্ল্যাটিনামের দামও কমেছে। স্পট রূপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮ ডলারে এবং প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে এক হাজার ৬৫৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বেড়ে এক হাজার ২২৭ দশমিক ২৫ ডলার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক