বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরের অংশ হিসেবে আজ বুধবার (১৩ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে অংশ নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পৌঁছানোর পর তার পছন্দ অনুযায়ী জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। খবর সিএনএনের।
এই সফরের গুরুত্ব প্রদর্শনের অংশ হিসেবে, চীনের নেতা শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তার প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠান। হানকে শি জিনপিংয়ের কূটনৈতিক অনুষ্ঠানের দূত হিসেবে দেখা হয়। গত বছর হান ঝেং ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। তিনি চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির একজন অবসরপ্রাপ্ত সদস্য।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জি ফেং এবং চীনের পররাষ্ট্র বিষয়ক নির্বাহী উপমন্ত্রী মা ঝাওসু।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ৩০০ চীনা তরুণ নীল ও সাদা রঙের ইউনিফর্ম পরে রানওয়ের পাশে চীনা পতাকা হাতে মার্চ করেন; এর পাশাপাশি একটি সামরিক গার্ড অফ অনার এবং একটি সামরিক ব্যান্ডও ডোনাল্ড ট্রাম্পের জন্য উপস্থিত ছিল।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক