কোরবানির ২৫ ছাগল চুরি
পাকিস্তানের করাচির গুলিস্তান-ই-জোহর এলাকা থেকে কোরবানির ২৫টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে পশুগুলো একটি মিনি-ট্রাকে ভরে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। চুরি হওয়া এসব ছাগলের দাম ১৯ লাখ রুপির বেশি। রোববার (১০ মে) ছাগলগুলোর মালিক ও পুলিশ এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।
গুলিস্তান-ই-জোহরের ৮-এ ব্লকে গভীর রাতে এ ঘটনা ঘটে। আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ছাগলগুলোকে বিক্রির জন্য একটি প্লটে বেঁধে রাখা হয়েছিল।
পুলিশের ভাষ্যমতে, সন্দেহভাজনরা মোটরসাইকেল ও গাড়িতে করে এসে ছাগলগুলোকে একটি মিনি-ট্রাকে বোঝাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে ছাগলগুলো নিয়ে যেতে দেখা গেছে।
ছাগলগুলোর মালিক মুহাম্মদ ওসামা খান বলেন, চুরি হওয়া ছাগলগুলোর মূল্য ১৯ লাখ রুপির বেশি ছিল। ঈদুল আজহার সময় বিক্রির জন্য এগুলো করাচিতে আনা হয়েছিল।
এ ঘটনায় মালির ক্যান্টনমেন্ট থানায় চুরির একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও ভিডিওর সাহায্যে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ঈদুল আজহার আগে পাকিস্তানের বিভিন্ন শহরে কোরবানির পশু চুরির ঘটনা ক্রমশ একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক