ইরান ৪৭ বছর ধরে গেইম খেলছে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ প্রস্তাবের প্রেক্ষাপটে ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। স্থানীয় সময় রোববার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালের’ পোস্টে তিনি বলেন, ইরান দশকের পর দশক ধরে আমেরিকার সাথে ‘গেইম খেলছে’ এবং বিশ্বকে নিয়ে হাসাহাসি করছে। খবর এএফপির।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরান গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের সঙ্গে গেইম খেলে যাচ্ছে (দেরি করো, দেরি করো এবং দেরি করো!)। ট্রাম্পের মতে, তেহরান আলোচনার নামে সময়ক্ষেপণ করে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের টালবাহানা খুব শিগগিরই বন্ধ করা হবে।
এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে তেহরান। তবে সেই জবাবের বিষয়বস্তু নিয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, জবাবটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তবে ট্রাম্পের এই আক্রমণাত্মক পোস্ট ইঙ্গিত দিচ্ছে, তেহরানের জবাবে ওয়াশিংটন হয়তো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি।
গত ৮ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক অস্থিরতা কাটেনি। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীদের সহায়তা বন্ধের মতো কঠিন শর্ত দিয়েছে। অন্যদিকে ইরান ‘স্থায়ী সমাধান’ ছাড়া কোনো চুক্তিতে যেতে নারাজ।

এনটিভি অনলাইন ডেস্ক