দেশের আকাশে ‘রহস্যময় আলোর’ আসল কারণ জানা গেল
বাংলাদেশের আকাশে এক রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক দেখা গেছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক মিনিট ধরে দৃশ্যমান হওয়া এই আলোর উৎস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। যেখানে কেউ একে রকেটের ধোঁয়া আবার কেউ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিফলন বলে ধারণা করেন।
অবশেষে এই রহস্যের অবসান ঘটিয়ে জানা গেছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম-এর সফল পরীক্ষা চালিয়েছে। যদিও ডিআরডিও আনুষ্ঠানিকভাবে মিসাইলটির নাম এখনও প্রকাশ করেনি। তবে প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে, এটি আইসিবিএম ক্যাটাগরির অন্তর্ভুক্ত। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলেই প্রতিবেশী দেশ বাংলাদেশের আকাশে ওই আলোর ঝলক দেখা গিয়েছিল।
আরও পড়ুন : ভাঙল ৬২ বছরের প্রথা, যে কারণে আটকে আছে থালাপতির শপথ
আরও পড়ুন : মন্দিরের আদলে সাজল শুভেন্দুর শপথগ্রহণের মঞ্চ
ভারতের এই অভাবনীয় প্রতিরক্ষা সাফল্য মূলত ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার ‘অগ্নি-৬’ মিসাইল প্রকল্পের দিকে ইঙ্গিত দিচ্ছে। যা দেশটিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বিশ্বশক্তিদের কাতারে নিয়ে আসবে। আইসিবিএম প্রযুক্তি আয়ত্ত করার অর্থ হলো জটিল রকেট প্রপালশন ও রি-এন্ট্রি প্রযুক্তিতে চূড়ান্ত দক্ষতা অর্জন করা। যা ভারতকে বিশ্বের যেকোনো প্রান্তের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদান করবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, মোদির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু
আরও পড়ুন : দেশের আকাশে ‘রহস্যময় আলো’
এই মিসাইল পরীক্ষার পাশাপাশি ভারত আরও একটি বড় সাফল্য পেয়েছে ওডিশা উপকূলে ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামক গ্লাইড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষার মাধ্যমে। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে এখন থেকে সাধারণ বা ‘ড্রাম্ব’ ওয়ারহেডে রেঞ্জ এক্সটেনশন কিট যুক্ত করে সেটিকে অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তর করা যাবে। যার ফলে ভারত এখন বিশ্বের হাতেগোনা উন্নত স্ট্যান্ড-অফ অস্ত্র প্রযুক্তিসম্পন্ন দেশের তালিকায় স্থান করে নিয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এনটিভি অনলাইন ডেস্ক