ভারতীয় জাহাজকে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝসমুদ্রে আটকেপড়া ভারতীয় মালবাহী জাহাজকে উদ্ধার ও জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। ওমান থেকে ভারত যাওয়ার পথে ‘এমভি গৌতম’ নামের জাহাজটি বিকল হয়ে পড়লে এই উদ্ধার অভিযান চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, জাহাজটিতে মোট সাতজন ক্রু ছিলেন। যাদের মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার থেকে সহায়তা চেয়ে বার্তা প্রেরণ করলে ইসলামাবাদ দ্রুত সাড়া দেয়।
জানা গেছে, উদ্ধার কাজ পরিচালনার জন্য পাকিস্তান নৌবাহিনী তাদের ‘পিএমএসএস কাশ্মীর’ নামক জাহাজটি পাঠায়। একই সঙ্গে বিকল জাহাজের ক্রুদের জন্য খাবার, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি কারিগরি সহায়তা দেওয়া হয়। এই অভিযানে নৌবাহিনীকে সহায়তা করে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি।
গালফ টাইমস এই উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানি নৌবাহিনীকে ভারতীয় জাহাজটির ক্রুদের সাহায্য করতে দেখা যায়।
উল্লেখ্য, গত মাসেও উত্তর আরব সাগরে ‘এমভি গোল্ড অটাম’ নামে একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তান। সেই উদ্ধারকৃতদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।
সীমান্তবর্তী উত্তেজনা ও রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে গভীর সমুদ্রে মানবিকতার এই নজির বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।
সূত্র : এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক