যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আড়ালে ‘লং গেইম’ খেলছে চীন
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাতকে কেন্দ্র করে সুদূরপ্রসারী কৌশল বা ‘লং গেইম’ খেলছে চীন। ওয়াশিংটন যখন সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধে ব্যতিব্যস্ত, বেইজিং তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব পাকাপোক্ত করার পাশাপাশি মার্কিন দুর্বলতাগুলো পরখ করে নিচ্ছে।
সিআইএর সাবেক বিশ্লেষক জন নিক্সন আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই যুদ্ধ চীনকে যুক্তরাষ্ট্রের আধুনিক রণকৌশল সম্পর্কে অমূল্য জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে।
নিক্সনের মতে, ইরান যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র কীভাবে তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, বেইজিং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই জ্ঞান ভবিষ্যতে সম্ভাব্য কোনো সংঘাতে (যেমন তাইওয়ান ইস্যু) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের সামরিক প্রস্তুতিকে আরও শাণিত করতে চীনকে সাহায্য করবে।
‘দায়িত্বশীল শক্তি’র ভাবমূর্তি
মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে চীন এখন নিজেকে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি ‘দায়িত্বশীল’ এবং ‘স্থিতিশীল’ শক্তি হিসেবে উপস্থাপন করছে। বেইজিংয়ের বার্তাটি স্পষ্ট- যুক্তরাষ্ট্র যেখানে এই অঞ্চলে যুদ্ধ ও বিশৃঙ্খলা বয়ে আনছে, চীন সেখানে অবকাঠামো উন্নয়ন, ব্যবসা ও সহযোগিতামূলক সম্পর্কের ওপর জোর দিচ্ছে। নিক্সন বলেন, উপসাগরীয় দেশগুলো চীনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যুদ্ধের বদলে চীনের স্থিতিশীল বাণিজ্যিক প্রস্তাবগুলোকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে।
জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ
বিশ্বজুড়ে সবুজ জ্বালানির বিপ্লব চললেও চীন জানে, আরও কয়েক দশক তাদের বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে মধ্যপ্রাচ্যের জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হবে। এই সংঘাতের ফলে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা যখন মার্কিন নিয়ন্ত্রণে সংকটে পড়ছে, তখন চীন দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য চীন এখন সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য গ্রাহক।
মার্কিন প্রভাবের অবক্ষয়
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন যদি এই অঞ্চলে ‘একগুঁয়ে’ বা কঠোর নীতি বজায় রাখে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্রমেই বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়বে। চীন কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই দেশগুলোর সঙ্গে ‘লেনদেনভিত্তিক’ সম্পর্ক গড়ে তুলছে, যা অনেক দেশের কাছেই আকর্ষণীয়।

এনটিভি অনলাইন ডেস্ক