ইসরায়েলি হামলায় ঝরল নারী সাংবাদিকের প্রাণ
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে এক নারী সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (২২ এপ্রিল) লেবাননের সাংবাদিক আমাল খলিলের মরদেহ একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানায়, একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ওই সাংবাদিক। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আমাল খলিল স্থানীয় সংবাদমাধ্যম আল-আখবারে কাজ করতেন।
আমাল খলিল এবং তাঁর সহকর্মী জয়নাব ফারাজ লেবাননের দক্ষিণাঞ্চলে আতি-তিরি শহরে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তাঁদের কাছে থাকা একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা আঘাত হানে। এমন পরিস্থিতিতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন আমাল খলিল। ইসরায়েলিবাহিনী সেখানেও হামলা চালায়। কয়েক ঘণ্টা পর সিভিল ডিফেন্স কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

এনটিভি অনলাইন ডেস্ক