ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার হবে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পুনরুদ্ধার একটি ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ হবে।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) তিনি বলেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
মার্কিন প্রেসিডেন্ট ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রসঙ্গ টেনে দাবি করেন, এতে দেশটির পারমাণবিক কর্মসূচি কার্যত ‘গুঁড়িয়ে দেওয়া’ হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি ইউরেনিয়ামের মজুদকে ‘ধুলা’ হিসেবেও উল্লেখ করেছেন।
ট্রাম্প আরও বলেন, সেগুলো পুনরুদ্ধার করা হবে দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া।
এই মন্তব্য এমন এক সময় এলো, যখন পাকিস্তানে উচ্চপর্যায়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য ইসলামাবাদে যাবেন। তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি এবং হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
এর আগে, ১১-১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়, যা ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রথম এ ধরনের যোগাযোগ। তবে সেই বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়।

এনটিভি অনলাইন ডেস্ক