জ্বালানির মূল্য দ্বিগুণ হওয়ায় ৬ রুটে ফ্লাইট বাতিল করল এয়ার কানাডা
ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় ৬টি রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে এয়ার কানাডা। স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জ্বালানির ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কিছু রুট আর অর্থনৈতিকভাবে টেকসই নয়।
এয়ার কানাডা জানিয়েছে, কানাডার আলবার্টার ফোর্ট ম্যাকমারে থেকে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার রুটে ফ্লাইট ২৮ মে থেকে স্থায়ীভাবে বন্ধ করা হবে। একইভাবে নর্থওয়েস্ট টেরিটরিজের ইয়েলোনাইফ থেকে টরন্টো রুটও ৩০ আগস্ট থেকে স্থায়ীভাবে বন্ধ হবে। খবর আনাদোলুর।
এছাড়া নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টো ও মন্ট্রিয়াল রুটে ফ্লাইট ১ জুন থেকে সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে, যা ২৫ অক্টোবর পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
সল্ট লেক সিটি থেকে টরন্টো রুটও ৩০ জুন থেকে বন্ধ থাকবে এবং ২০২৭ সালের কোনো এক সময়ে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেক্সিকোর গুয়াদালাহারা থেকে মন্ট্রিয়াল পর্যন্ত নতুন যে রুট চালুর পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, যেসব যাত্রী ইতোমধ্যে টিকিট বুক করেছেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি আংশিক বন্ধ হয়ে যাওয়া এবং জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান চলাচলেও, যার ফলে বিভিন্ন অঞ্চলে ফ্লাইট বাতিল ও ব্যাঘাত ঘটছে।

এনটিভি অনলাইন ডেস্ক