ইরানকে হরমুজ প্রণালি খোলার আহ্বান জানাল চীন
হরমুজ প্রণালিতে উত্তেজনা প্রশমন ও দ্রুত স্বাভাবিক নৌ-চলাচল ব্যবস্থা ফিরিয়ে আনতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। খবর আলজাজিরার।
টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি যেমন সম্মানজনক ও সুরক্ষিত থাকা প্রয়োজন, তেমনি আন্তর্জাতিক এই জলপথে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই প্রণালি দিয়ে স্বাভাবিক বাণিজ্য ও জাহাজ চলাচল সচল রাখার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আগ্রহ ও স্বার্থ রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনতে এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়নে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে ইচ্ছুক। মূলত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই তেলের বড় একটি অংশ চীনের জ্বালানি চাহিদা মেটায়। ফলে এই পথে মার্কিন নৌ-অবরোধ বা যেকোনো ধরনের সামরিক অস্থিরতা বেইজিংয়ের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে জ্বালানি বাজার অস্থিরতার মুখে পড়েছে। এই সংকট উত্তরণে চীন এখন তেহরানের ওপর চাপ ও আলোচনার দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। একদিকে চীন মার্কিন নৌ-অবরোধকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছে, অন্যদিকে ইরানকেও সংঘাত এড়িয়ে আন্তর্জাতিক নৌ-চলাচল স্বাভাবিক করার পরামর্শ দিচ্ছে। বেইজিংয়ের এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক