লেভিট আমার চেয়ে তার বাচ্চাকে বেশি ভালোবাসে, ট্রাম্পের আক্ষেপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের প্রশংসা করে বলেছেন, তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ঠাট্টার ছলে ট্রাম্প বলেন, তিনি এ পদে যোগ্য একজনকে খুঁজছেন। লেভিটের নিজের নবজাতক কন্যার প্রতি ভালোবাসা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেভিট তার দায়িত্বে অসাধারণ ভালো ছিলেন। তার সমকক্ষ কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।
‘ক্যারোলাইন (লেভিট) দুর্দান্ত ছিল; সে একটা সমস্যা। সে একটা বড় সমস্যা। আমি তাকে একথা বলেছি’, বলেন ট্রাম্প।
ট্রাম্প লেভিটের যোগাযোগ দক্ষতার প্রশংসা করেন। এরপর তিনি মজা করে বলেন, লেভিট এখন তাকে ভালোবাসার চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সে আমার চেয়ে বাচ্চাটাকে বেশি ভালোবাসে। এটা খুবই খারাপ, কিন্তু সে দারুণ করছে।’ ট্রাম্প যোগ করেন, ফক্সের সঙ্গে তার নতুন কাজের মাধ্যমে সে ‘একজন তারকা’ হয়ে উঠবে।
২৮ বছর বয়সী লেভিট তার দুই শিশু সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য গত আগস্টে হোয়াইট হাউস ছাড়েন। দ্বিতীয় সন্তানের জন্মের পর এপ্রিলের শেষে তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবং পরে ঘোষণা করেন, প্রেস সেক্রেটারি পদে আর কাজ করবেন না।
ক্যারোলাইন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন। এই দায়িত্বে পালনকালে তিনি ট্রাম্প প্রশাসনের রীতিমতো আইনজীবী বনে গিয়েছিলেন। তার বিদায়ের ফলে হোয়াইট হাউস একজন স্থায়ী উত্তরসূরি নিয়োগ করতে হিমশিম খাচ্ছে।
রক্ষণশীল কেটি জাকারিয়াকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে গত ১২ অক্টোবর নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাত্র পাঁচ দিন পরেই ১৬ অক্টোবর পদত্যাগ করেন। এর ফলে এই পদের ইতিহাসে তার কার্যকাল সবচেয়ে সংক্ষিপ্ত।
ট্রাম্প প্রকাশ্যে জাকারিয়াকে পদটি গ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন এবং সাংবাদিকদের বলেছিলেন, জাকারিয়া না চাইলে তাকে এই পদে থাকতে হবে না। জাকারিয়া অবশ্য পরে তাকে বরখাস্ত করার কথা অস্বীকার করেন।

এনটিভি অনলাইন ডেস্ক