তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ বুধবার (৪ মার্চ) জানিয়েছেন, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা বাহিনী তুরস্কের দিকে অগ্রসর হওয়া একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইরাক ও সিরিয়ার ভূখণ্ড অতিক্রম করার পর তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি আটকানো হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইন্টারসেপ্টরের মাধ্যমে মাঝ আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের একটি টুকরো হাতাই প্রদেশের ডর্টিওল জেলায় পড়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আঙ্কারা বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিকে সমর্থন করলেও জাতীয় নিরাপত্তা রক্ষার সর্বোচ্চ আকাঙ্ক্ষা ও ক্ষমতা রয়েছে তুরস্কের। দেশটি যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করতে পুরোপুরি সক্ষম।
আঙ্কারার কর্মকর্তারা সতর্ক করে বলেছে, যেকোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে, সব পক্ষকে এ ধরনের পদক্ষেপ এড়ানোর আহ্বান জানানো হয়েছে, কারণ এটি সংঘাতকে আরও বাড়াতে পারে।
তুরস্ক আরও জানায়, তারা ন্যাটো ও মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করা অব্যাহত রাখবে।
তুরস্কের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান এক বিবৃতিতে বলেন, আমরা সব পক্ষকে আমাদের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করছি—এমন পদক্ষেপ থেকে বিরত থাকুন যা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং বিস্তৃত অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে।
একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বুরহানেত্তিন দুরান।

এনটিভি অনলাইন ডেস্ক