ইরান যুদ্ধ চার সপ্তাহ বা তার বেশি স্থায়ী হতে পারে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ মার্চ) এক বক্তৃতায় ইরান-সংকট নিয়ে তাঁর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার (১ মার্চ) ‘ডেইলি মেইল’-কে দেওয়া একটি সাক্ষাৎকারের সূত্র টেনে তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘ সময় ধরে এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তিনি যোগ করেন, যুদ্ধ যদি দীর্ঘায়িতও হয়, তবে তিনি তাতে মোটেও ‘বিরক্ত’ হবেন না।
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর জবাবে ইরানও পারস্য উপসাগরে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সম্পদগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
কাতার জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরান থেকে আসা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান, সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে।
ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন। এর মাঝেই মার্কিন সংবাদমাধ্যমে একটি খবর রটেছিল যে, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরু করার জন্য চাপ দিচ্ছেন। তবে লারি জানি এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সমস্ত ক্রু সদস্য বেঁচে আছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত এই বিমানগুলো ভূপাতিত করেছে।
এদিকে লেবাননেও সংঘাত ছড়িয়ে পড়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় লেবাননে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক