ভেনেজুয়েলার উপকূলে তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার উপকূলে একটি বড় তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাস ধরে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনারা হয়ত জানেন, আমরা ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাংকার জব্দ করেছি, একটা বড় ট্যাংকার, খুব বড়। আসলে, এখন পর্যন্ত জব্দ করা সবচেয়ে বড় (জাহাজ) এটি। আরও অন্যান্য ঘটনা ঘটছে, তাই আপনারা পরে সেটা দেখতে পাবেন এবং পরে অন্য কারও সঙ্গে এটা নিয়ে কথা বলবেন।’
সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গ স্থানীয় সময় বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড তেলের ট্যাংকারটি দখলের জন্য অভিযান পরিচালনা করেছে। তবে জাহাজটির নাম ও অবস্থানের বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি।
উভয় সংবাদমাধ্যমই নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে। তবে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকি জোরালো করে ওই অঞ্চলে যথেষ্ট সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করেছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের অভিযোগে নৌযানগুলোকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযানের হুমকি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করতে চাইছে। তিনি বলেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ প্রতিহত করবে। ভেনেজুয়েলার রপ্তানি আয়ের অন্যতম উৎস হলো তেল। গত মাসে প্রতিদিন দেশটি ৯ লাখ ব্যারেলেরও বেশি তেল রপ্তানি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক