আপনার খরচ ও ব্যক্তিগত নথি বিশ্লেষণ করবে গুগলের এআই
ভ্রমণের পরিকল্পনা, কেনাকাটার হিসাব কিংবা কোনো প্রকল্পের কাজ-প্রয়োজনীয় তথ্য খুঁজতে অনেক সময় বিভিন্ন নথি ও ফাইল ঘাঁটতে হয়। এসব কাজ সহজ করতে গুগল সার্চের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই মোডে’ ব্যক্তিগত তথ্য ব্যবহারের পরিধি বাড়াচ্ছে গুগল।
নতুন সুবিধায় ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, গুগল ওয়ালেট ও জেমিনাই অ্যাপের তথ্য এআই মোডের সঙ্গে যুক্ত করে আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর পেতে পারবেন।
গত ২৩ নভেম্বর এ সুবিধা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে গুগল। ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ নামের এই ব্যবস্থার মাধ্যমে আগে থেকেই জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের তথ্য ব্যবহার করে এআই মোডকে ব্যক্তিগতকরণের সুযোগ ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে গুগল ওয়ালেট, গুগল ড্রাইভ ও জেমিনাই অ্যাপ।
তবে সব সেবার সংযোগ একসঙ্গে চালু হচ্ছে না। গুগল ওয়ালেটের সুবিধা পর্যায়ক্রমে চালু হচ্ছে। আর ড্রাইভ ও জেমিনাই অ্যাপের সংযোগ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করার কথা জানিয়েছে গুগল।
খরচের হিসাব বুঝবে এআই
গুগল ওয়ালেট যুক্ত করলে ব্যবহারকারীর সংরক্ষিত কার্ড ও লেনদেনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে খরচের ধরন বুঝতে পারবে এআই মোড। পাশাপাশি আর্থিক লক্ষ্য নির্ধারণ এবং দৈনন্দিন ব্যয় কমানোর উপায়ও খুঁজে দিতে পারবে।
এ ছাড়া ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক, ভ্রমণসুবিধা ও রিওয়ার্ড পয়েন্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পরামর্শ দিতে পারবে এআই। তবে ওয়ালেটের তথ্য পড়তে পারলেও এআই মোড ব্যবহারকারীর অর্থ স্থানান্তর, অর্থ ব্যবস্থাপনা বা বিনিয়োগ করতে পারবে না।
ড্রাইভের নথি বিশ্লেষণ করবে
গুগল ড্রাইভ যুক্ত হলে সেখানে থাকা নথি, স্প্রেডশিট ও পিডিএফ ফাইলের তথ্য কাজে লাগিয়ে উত্তর তৈরি করতে পারবে এআই। যেমন, কর দেওয়ার সময় প্রয়োজনীয় নথি বিশ্লেষণ করে ব্যক্তিগত প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।
অন্যদিকে, জেমিনাই অ্যাপের সঙ্গে সংযোগ চালু হলে দুই প্ল্যাটফর্মের মধ্যে কথোপকথনের তথ্য আদান-প্রদান করা যাবে। ফলে জেমিনাইয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করলে পরে এআই মোডে একই প্রসঙ্গে নতুন করে সব তথ্য দিতে হবে না।
সার্চের আগের তথ্যও কাজে লাগবে
এ ছাড়া গুগল সার্চের এআই মোড ও এআই ওভারভিউসে সাম্প্রতিক সার্চের প্রসঙ্গ বিবেচনা করে আরও প্রাসঙ্গিক উত্তর দেখানোর সুবিধাও চালু করছে। ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি স্বচ্ছ রাখতে উত্তরের নিচে ‘পারসোনালাইজেশন’ আইকন যুক্ত করা হবে। এর মাধ্যমে কোন তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি হয়েছে, তা ব্যবহারকারী দেখতে পারবেন।
গোপনীয় তথ্য নিয়ে সতর্কতা
ব্যক্তিগত অ্যাপগুলোর সঙ্গে সংযোগ বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা সার্চের পারসোনালাইজেশন সেটিংস থেকে পছন্দের অ্যাপ যুক্ত বা বিচ্ছিন্ন করতে পারবেন।
তবে গুগলের তথ্য ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সংযুক্ত অ্যাপের তথ্য সেবা উন্নয়ন ও এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহৃত হতে পারে। তাই ব্যক্তিগত বা গোপনীয় তথ্য থাকা অ্যাপ গুগল সার্চের এআইয়ের সঙ্গে যুক্ত করার আগে তথ্য ব্যবহারের শর্ত ও গোপনীয়তা নীতিমালা বিবেচনা করা জরুরি।

এনটিভি অনলাইন ডেস্ক