জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেল স্মার্ট ডেইরি
দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদিপশুর খামার (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য) শ্রেণিতে প্রতিষ্ঠানটি রৌপ্য পদক অর্জন করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হচ্ছে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে আটটি শ্রেণিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানের খামারে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত পরিচর্যা ও পরিকল্পিত খামার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করছেন। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি স্মার্ট ডেইরি লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
জহিরুল ইসলাম বলেন, এ সম্মাননা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, স্মার্ট ডেইরি লিমিটেড ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগত মান ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের ডেইরি শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনটিভি অনলাইন ডেস্ক