হজ-ওমরাহযাত্রীদের ডিজিটাল স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি
সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে অংশীদারত্ব করেছে ভ্রমণ ও জীবনধারাভিত্তিক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেডিকএআই। এই অংশীদারত্বের আওতায় যাত্রীরা পাবেন ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল-হেলথ মেম্বারশিপ সুবিধা।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি এবং সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান উপস্থিত ছিলেন। শেয়ারট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা শিবলী সাদিক, বিপণন বিভাগের প্রধান নাফিজ চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারত্বের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা পাবেন। ‘আমানা বাই মেডিকএআই’ মেম্বারশিপের আওতায় লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় অনলাইনে চিকিৎসা পরামর্শ বা টেলিমেডিসিন সেবা নেওয়ার সুযোগ থাকবে।
পাশাপাশি মেম্বারশিপের নির্ধারিত সুবিধা ও শর্ত অনুযায়ী বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা, ফার্মেসি-সংক্রান্ত সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও থাকবে।
জরুরি চিকিৎসায়ও সহায়তা
জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা স্থানান্তর বা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ক্ষেত্রেও সহায়তা দেবে মেডিকএআই। প্রয়োজন হলে নিজ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থায়ও সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ভ্রমণকালীন বিভিন্ন প্রয়োজনে যাত্রীদের জন্য থাকবে কনসিয়ার্জ ও ভ্রমণ সমন্বয় সেবা। যাত্রীদের সুবিধার্থে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় গ্রাহক সহায়তা দেওয়া হবে।
থাকছে দুই ধরনের মেম্বারশিপ
হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণের সময়সীমা বিবেচনায় ‘আমানা বাই মেডিকএআই’-এর দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে ‘প্ল্যান এ-লাইট’-এর মেয়াদ ১ থেকে ৭ দিন এবং ‘প্ল্যান বি-লাইট’-এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন। সেবাটি বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য চালু রয়েছে। শিগগিরই অনলাইন বুকিং সুবিধা চালুর মাধ্যমে সেবাটি যাত্রীদের জন্য আরও সহজলভ্য করা হবে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো বিদেশে ধর্মীয় সফরের সময় বাংলাদেশি যাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা ও সমন্বিত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করা।
বিশেষ করে ভাষাগত সীমাবদ্ধতা ও অপরিচিত পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে এই উদ্যোগ হজ ও ওমরাহযাত্রীদের বাড়তি নিরাপত্তা ও স্বস্তি দেবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

এনটিভি অনলাইন ডেস্ক