অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে, মান থাকবে অক্ষুণ্ন
অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের মধ্যে ছবি বা ভিডিও আদান-প্রদানে অনেক সময় মূল মান নষ্ট হয়ে যায়। বিশেষ করে বার্তা পাঠানোর সময় ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হলে ঝাপসা বা কম রেজল্যুশনের ছবি পাওয়া যায়। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ছবি ও ভিডিও পাঠানোর সময় মূল মান অনেকটাই অক্ষুণ্ন রাখা সম্ভব।
আরসিএস ব্যবহার করে ছবি পাঠান
আইফোনে আইওএস ১৮ থেকে আরসিএস বার্তা ব্যবস্থার সুবিধা যুক্ত হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে ছবি পাঠানোর সময় আগের তুলনায় ভালো মান পাওয়া যায়। আইফোনে আরসিএস চালু আছে কি না দেখতে সেটিংস > অ্যাপস > মেসেজেস অপশনে যেতে হবে। এরপর আরসিএস মেসেজিং চালু আছে কি না পরীক্ষা করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেস ব্যবহার করলে ছবি পাঠানোর আগে ‘এইচডি’ বা ‘এইচডি প্লাস’ অপশন নির্বাচন করা যায়। সেখানে ‘এইচডি প্লাস অরিজিনাল কোয়ালিটি’ নির্বাচন করলে ছবির মান ধরে রাখা সম্ভব। অন্যদিকে ‘এইচডি অপটিমাইজড ফর চ্যাট’ নির্বাচন করলে ছবি সংকুচিত হতে পারে।
বড় ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রে
বড় আকারের ছবি ও ভিডিও পাঠানোর সময় আরসিএসের সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে ১০০ মেগাবাইটের বেশি ফাইল পাঠাতে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ই-মেইল, গুগল ফটোস বা গুগল ড্রাইভ ব্যবহার করা যেতে পারে।
গুগল ফটোসের মাধ্যমে ছবি পাঠানোর সময় ‘সেন্ড ইন গুগল ফটোস’ অপশন ব্যবহার করা যায়। যিনি ছবি গ্রহণ করবেন, তার ফোনেও গুগল ফটোস থাকলে এ পদ্ধতিতে সহজেই ছবি শেয়ার করা সম্ভব।
বড় আকারের ছবি, ভিডিও বা অন্য ফাইল পাঠানোর জন্য গুগল ড্রাইভও কার্যকর একটি মাধ্যম। এতে ফাইলের আকারের কারণে মান কমে যাওয়ার ঝুঁকি থাকে না।
কুইক শেয়ারেও পাঠানো যাবে
অ্যান্ড্রয়েডের কুইক শেয়ারেও এখন এয়ারড্রপের সঙ্গে ফাইল আদান-প্রদানের সুবিধা যুক্ত হয়েছে। পিক্সেল ৮এ ও পরবর্তী কিছু ফোন এবং স্যামসাংয়ের বেশ কিছু ফোনে এ সুবিধা পাওয়া যায়।
ফোন এ সুবিধা সমর্থন না করলে কুইক শেয়ারের ‘ইউজ কিউআর কোড’ অপশন ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ফোনে কনটেন্ট নির্বাচন করে শেয়ার অপশনে গিয়ে কিউআর কোড তৈরি করতে হবে। এরপর আইফোন ব্যবহারকারী সেই কোড স্ক্যান করে ফাইল গ্রহণ করতে পারবেন।
তবে কিউআর কোড পদ্ধতিতে কিছুটা দূরত্বের সীমাবদ্ধতা রয়েছে। তারপরও অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে মূল মানের ছবি বা ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রে এটি বিকল্প পদ্ধতি হিসেবে কাজে আসতে পারে।
সূত্র: এনগ্যাজেট

নিজস্ব প্রতিবেদক