সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেলে দ্রুত সমাধান হিসেবে পাওয়ার ব্যাংকের ব্যবহার দিন দিন বাড়ছে। বাজারে কয়েক হাজার টাকা থেকে শুরু করে বেশ চড়া দামের পাওয়ার ব্যাংকও পাওয়া যায়। দামের পার্থক্য দেখে অনেকেই মনে করেন, সব পাওয়ার ব্যাংকই প্রায় একই কাজ করে। তবে বাস্তবে বিষয়টি এমন নয়। নিম্নমানের ও অতিরিক্ত সস্তা পাওয়ার ব্যাংক ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি থেকে শুরু করে অভ্যন্তরীণ যন্ত্রাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কম দামের কিছু পাওয়ার ব্যাংকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে না। বিশেষ করে ভোল্টেজ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জ প্রতিরোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা অনুপস্থিত থাকতে পারে। ফলে নিয়মিত এমন পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
অতিরিক্ত গরম হওয়া বড় সতর্ক সংকেত
প্রতিটি স্মার্টফোন নির্দিষ্ট মাত্রার ভোল্টেজে চার্জ গ্রহণের জন্য তৈরি। মানসম্মত পাওয়ার ব্যাংকে ভোল্টেজ স্থির রাখার ব্যবস্থা থাকে। কিন্তু নিম্নমানের কিছু পাওয়ার ব্যাংকে ভোল্টেজের ওঠানামা হতে পারে। এতে ফোনের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে।
বিশেষ করে দীর্ঘ সময় চার্জে রেখে দিলে তাপমাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত তাপ ও অনিয়ন্ত্রিত চার্জিংয়ের কারণে সময়ের সঙ্গে ব্যাটারির ধারণক্ষমতা কমে যেতে পারে। ফলে ফোন আগের তুলনায় দ্রুত চার্জ হারাতে শুরু করে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।
তবে চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাংক সামান্য গরম হওয়া স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকভাবে অতিরিক্ত গরম হয়ে গেলে সেটিকে সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত। নিম্নমানের ব্যাটারি, দুর্বল সার্কিট বোর্ড বা অপর্যাপ্ত বৈদ্যুতিক নিরোধকের কারণে কিছু পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে আগুন লাগা বা বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটাতে পারে।
ভালো পাওয়ার ব্যাংক চেনার জন্য শুধু এমএআইচ (mAh) দেখলেই হবে না। কেনার সময় এই বিষয়গুলো দেখুন-
১. ব্র্যান্ড ও মডেল যাচাই করুন
পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক নিন। খুব কম দামে অস্বাভাবিক বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংক-যেমন ৫০,০০০ বা ১,০০,০০০ এমএইচ-দেখলে সতর্ক থাকুন।
২. শুধু এমএএইচ নয়, ওয়াটও দেখুন
১০,০০০ বা ২০,০০০ এমএআইচ লেখা থাকলেই ভালো-এমন নয়। ফোন দ্রুত চার্জ করতে ২০ ওয়াট, ২৫ ওয়াট, ৩০ ওয়াট বা তার বেশি আউটপুট থাকা ভালো।
৩. ইউএসবি-সি পোর্ট আছে কি না দেখুন
বর্তমানে ইউএসবি-সি ইনপুট ও আউটপুট থাকা বেশি সুবিধাজনক। বিশেষ করে ইউএসবি-সি দিয়ে পাওয়ার ব্যাংক চার্জ এবং ফোন চার্জ-দুই সুবিধা থাকলে ভালো।
৪. দ্রুত চার্জিং প্রযুক্তি আছে কি না দেখুন
আপনার ফোন যে প্রযুক্তি সমর্থন করে, পাওয়ার ব্যাংকেও সেটি সমর্থন করা উচিত। যেমন—পিডি বা কিউসি ধরনের দ্রুত চার্জিং সুবিধা।

এনটিভি অনলাইন ডেস্ক