রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারত্বে নিজেদের সব ওয়াক-ইন সেন্টার ও দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে রবি আজিয়াটা পিএলসি।
গতকাল বুধবার (৪ নভেম্বর ) সকালে ঢাকার বনানীতে সাফুরা টাওয়ারে অবস্থিত রবি-সার্কেল কাস্টমার কেয়ার সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম উপস্থিত ছিলেন।
নতুন এ সুবিধার আওতায় গ্রাহকেরা রবির যেকোনো আউটলেটে বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এ জন্য অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী কিংবা পেমেন্ট সেবা প্রদানকারীর সমর্থিত যেকোনো অ্যাপ ব্যবহার করা যাবে। নির্দিষ্ট মার্চেন্ট কিউআর কোড স্ক্যান করে গ্রাহকেরা নগদ অর্থ ছাড়াই সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, 'ক্যাশলেস ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রযুক্তিনির্ভর সেবাদাতাদের মধ্যে আরও বেশি সহযোগিতা প্রয়োজন। বাংলা কিউআরের মতো সমন্বিত পেমেন্ট ব্যবস্থা দেশের মানুষের কাছে ডিজিটাল লেনদেনকে আরও সহজলভ্য করে তুলতে পারে।'
তিনি আরও বলেন, আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ধরনের সেবা চালু করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে দেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল পেমেন্টের বিস্তার নির্ভর করে গ্রাহকদের জন্য লেনদেন কতটা সহজ, সহজলভ্য ও নির্ভরযোগ্য করা যাচ্ছে তার ওপর। রবির সব ওয়াক-ইন সেন্টার এবং দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সুবিধা চালুর মাধ্যমে এর ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে।
তিনি বলেন, এমটিবির পেমেন্ট সক্ষমতা এবং রবির বিস্তৃত গ্রাহক নেটওয়ার্ককে একত্রিত করে দৈনন্দিন লেনদেনে সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এর মাধ্যমে বাংলাদেশের নগদবিহীন অর্থনীতিতে রূপান্তরের পথ আরও সহজ হবে।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। সব ওয়াক-ইন সেন্টার ও দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকেরা তাঁদের পরিচিত ও বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার আরও বেশি সুযোগ পাবেন।
তিনি বলেন, এমটিবির সঙ্গে এ অংশীদারত্ব টেলিযোগাযোগ ও আর্থিক সেবাকে একত্রিত করে ডিজিটাল সুবিধাকে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি নিয়ে আসছে। পরিচিত সেবাকেন্দ্রগুলোতে ডিজিটাল পেমেন্টের সুবিধা নিশ্চিত হলে আরও বেশি মানুষ নগদবিহীন লেনদেনে অভ্যস্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর লক্ষ্য সারা দেশে একটি সমন্বিত ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।
রবি ও এমটিবি জানিয়েছে, গ্রাহকদের লেনদেন সহজ করার পাশাপাশি এ উদ্যোগ রবির রিটেইল ও সরবরাহব্যবস্থার ডিজিটাল রূপান্তরেও ভূমিকা রাখবে। এর ফলে গ্রাহক, খুচরা বিক্রেতা, পরিবেশক ও প্রতিষ্ঠানের মধ্যে অর্থ সংগ্রহ এবং স্থানান্তরের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।
এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং বাংলাদেশের বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে রবি ও এমটিবি।

এনটিভি অনলাইন ডেস্ক