ক্লিক করলেই কম্পিউটার বন্ধ, উইন্ডোজে তৈরি করুন শাটডাউন শর্টকাট
কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করতে সাধারণত স্টার্ট মেনুতে গিয়ে পাওয়ার অপশন থেকে শাটডাউন নির্বাচন করতে হয়। তবে চাইলে ডেস্কটপে একটি শর্টকাট তৈরি করে এই কাজটি আরও সহজে করা যায়। শর্টকাটে ক্লিক করলেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ জন্য কোনো তৃতীয় পক্ষের সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। উইন্ডোজের নিজস্ব সুবিধা ব্যবহার করেই কয়েকটি ধাপে তৈরি করা যাবে এই শাটডাউন শর্টকাট।
যেভাবে তৈরি করবেন শাটডাউন শর্টকাট
প্রথম ধাপ : নতুন শর্টকাট তৈরি
ডেস্কটপের খালি জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করুন। এরপর নিউ অপশনে গিয়ে শর্টকাট নির্বাচন করুন।
দ্বিতীয় ধাপ : কমান্ড লিখুন
শর্টকাট তৈরির জন্য একটি বক্স আসবে। সেখানে নিচের কমান্ডটি হুবহু লিখুন-
shutdown-s-t 0
এখানে ‘০’ দিয়ে বোঝানো হয়েছে, কমান্ডটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কোনো অপেক্ষার সময় থাকবে না।
তৃতীয় ধাপ : শর্টকাটের নাম দিন
কমান্ড লেখার পর নেক্সট-এ ক্লিক করুন। এরপর শর্টকাটের নাম হিসেবে শাটডাউন লিখে ফিনিশ-এ ক্লিক করুন। এতে ডেস্কটপে নতুন একটি শাটডাউন শর্টকাট তৈরি হবে।
চতুর্থ ধাপ : আইকন পরিবর্তন করুন
চাইলে শর্টকাটটির আইকনও পরিবর্তন করা যাবে। এজন্য তৈরি হওয়া আইকনের ওপর মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজ নির্বাচন করুন।
এরপর শর্টকাট ট্যাব থেকে চেঞ্জ আইকন-এ ক্লিক করুন। সেখানে থাকা পাওয়ার বাটনের আইকন নির্বাচন করে অ্যাপ্লাই ও ওকে চাপুন।
টাস্কবারেও রাখা যাবে
আরও দ্রুত ব্যবহারের জন্য তৈরি করা শাটডাউন শর্টকাটটি টেনে নিচের টাস্কবারে রাখা যায়। এতে কাজের মাঝখানে স্টার্ট মেনুতে না গিয়েও দ্রুত কম্পিউটার বন্ধ করা সম্ভব হবে।
তবে এই শর্টকাটে ক্লিক করলে কম্পিউটার সরাসরি বন্ধ হয়ে যাবে। তাই শর্টকাটটি টাস্কবারে রাখার আগে গুরুত্বপূর্ণ কাজ বা ফাইল সংরক্ষণ করে নেওয়া ভালো। বিশেষ করে অসংরক্ষিত কাজ থাকলে ভুল করে শর্টকাটে ক্লিক করলে তা হারিয়ে যেতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক